ভবানীপুরে মমতা-শুভেন্দুর লড়াই, ভোটের দিন কেমন গেল তাদের
প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে গত বুধবার সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যে চরম উত্তেজনা দেখা যাচ্ছে। উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ ও রাজনৈতিক মুখোমুখি অবস্থানের মধ্য দিয়ে সারা দিন কেটেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। ভোটের মাঠে কার্যত মুখোমুখি অবস্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসপ্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে তারা দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ক্ষমতায় টানা চতুর্থ মেয়াদে টিকে থাকার লড়াইয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তাই গতকাল ছিল এক ব্যতিক্রমধর্মী ভোটের দিন। সকাল থেকেই রাস্তায় ছিলেন তিনি। সকালে কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে চেতলা এলাকায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের ঘনিষ্ঠ সহযোগী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন। ফিরহাদ হাকিমও বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী। এরপর একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা সাংবাদিকদের বলেন, ‘মানুষ ভোট দিতে আসছে, এভাবে ভোট গ্রহণ চলতে পারে? তারা (পুলিশ পর্যবেক্ষকরা) বিজেপির তালে নাচছে নির্বাচন কমিশন আমাদের প্রকাশ্যে হয়রানি ও নির্যাতন করছে।
