জয়ের পথে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে জিততে যাচ্ছেন হুমায়ুন কবির। তিনি গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। এরপর তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন। এরপর নিজে আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল গঠন করেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রহিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে। আর সে দিনটির স্মরণ করেই তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন। ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি দাবি করেছেন, গত ১৫ বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে, এ ফলাফল তাদের প্রাপ্যই ছিল।
সাংবাদিকদের তিনি বলেন, (তৃণমূলের হারার ব্যাপারে) আমি কি বলতে পারি? যা হচ্ছে তা ভালো।
এটি হওয়ার কথা ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও তাদের অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০-২০০ বছরে যে লুট করেছে তারা ১৫ বছরে সেটিকে ছাড়িয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে চাই যারা তৃণমূলকে জবাব দিয়েছে। নিজের জয়ের ব্যাপারে হুমায়ুন বলেছে, আমি দুটি আসনে নির্বাচন করেছি। দুটি আসনেই জিতব এবং দুপুরে জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব।
