আরব আমিরাতের ওপর কেন এত ক্ষোভ ইরানের
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব ও ওমানকে ইরান জানিয়েছে, তারা ইসলামি প্রজাতন্ত্রের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ‘কঠোর নিশানা’ করার পরিকল্পনা করছে। দৃশ্যত এটি আবুধাবি ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দূরত্ব তৈরি করার একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরানের সবচেয়ে বেশি পাল্টা হামলার শিকার হয়েছে আরব আমিরাত। ইরানের পাল্টা আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। সর্বশেষ আজ মঙ্গলবার ভোরে আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। ফুজাইরার মিডিয়া অফিস দাবি করেছে, ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় ‘বড় আগুন লেগেছে’। তবে ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কিছু জানায়নি। এতে মনে হচ্ছে, আরব দেশগুলোর মধ্যে আমিরাতের ওপর ইরানের ক্ষোভ বেশি।
সংযুক্ত আরব আমিরাত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে কয়েক বছর ধরে উত্তেজনা বেশ বৃদ্ধি পেয়েছে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে তাদের উত্তেজনার খবর চাউর হয়।
