বিএসএফ সদর দপ্তরের বাইরে রহস্যজনক বিস্ফোরণ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পাঞ্জাব রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদর দপ্তরের বাইরে একটি স্কুটারে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় এ ঘটনা ঘটায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে জালন্ধরে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের বাইরে পার্ক করে রাখা একটি স্কুটারে বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তেই স্কুটারটিতে আগুন ধরে যায়। এতে স্কুটারের মালিক গুরপ্রীত সিং আহত হন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। ঘটনার পর গুরপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। তিনি একটি কুরিয়ার প্রতিষ্ঠানে কাজ করেন। গুরপ্রীতের বাবা কাশ্মীর সিং, যিনি আগে বিএসএফে কর্মরত ছিলেন, বলেন, ‘গুরপ্রীত নিয়মিত বিএসএফ ও সেনাবাহিনীতে পার্সেল পৌঁছে দেয়। সে ফোন করে জানায়, স্কুটার থেকে নামার কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। তার ধারণা, কেউ হয়তো বোমা ছুড়ে মেরেছে।’ এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি একটি অ্যাকটিভা স্কুটারে ঘটে এবং শব্দ প্রায় এক কিলোমিটার দূর থেকেও শোনা যায়।