
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠকে তাইওয়ান ইস্যু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর এনডিটিভির। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে রুবিও বলেন, তাইওয়ান নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক- এটি যুক্তরাষ্ট্র চায় না। তিনি বলেন, তাইওয়ান সবসময়ই আলোচনায় থাকে। আমি নিশ্চিত, এবারও এটি আলোচনায় আসবে। উভয় দেশই বোঝে, ওই অঞ্চলে অস্থিতিশীলতা কারও স্বার্থে নয়। রুবিও আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বা তাইওয়ান ঘিরে কোনো উত্তেজনা সৃষ্টি হোক, তা কোনো পক্ষই চায় না। বর্তমানে তাইওয়ান নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এবং সাম্প্রতিক সময়ে সেখানে সামরিক চাপও বৃদ্ধি করেছে।