ফের মা হওয়া লেভিটকে অভিনন্দন ইরানের
প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট তার দ্বিতীয় সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে মিনাবে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত শতাধিক শিশুর কথা মনে করিয়ে দিয়েছে ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিনই মিনাবের এক স্কুলে হামলায় যে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছিল, তার সিংহভাগই ছিল শিশু। গত বৃহস্পতিবার লেভিট তার দ্বিতীয় সন্তান জন্মের খবর দিতে গিয়ে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে তোলা একটি ছবিও পোস্ট করেন বলে জানিয়েছে এনডিটিভি। ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে যুক্ত হয়েছে, ওর আগমনের মুহূর্তেই আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেল,’ এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন ২৮ বছর বয়সি লেভিট।
