হিজবুল্লাহর ড্রোন নাকানিচুবানি খাওয়াচ্ছে ইসরায়েলকে
প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
হিজবুল্লাহর ছোড়া ‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন মোকাবিলায় হিমশিম খাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি ড্রোনগুলোতে বিশেষ ফাইবার অপটিক তার ব্যবহার করছে, যার মাধ্যমে এগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় এবং ইসরায়েলি জ্যামিং ডিভাইস ফাঁকি দেওয়া সম্ভব হয়। গত রোববার উত্তর সীমান্তে একটি আয়রন ডোম ব্যাটারিতে এফপিভি ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলি কর্মকর্তারা ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার জন্য নতুন কিছু পরীক্ষামূলক কর্মসূচির কথা বললেও সামরিক বাহিনী এখনও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। গত মাসে ইসরায়েলি দৈনিক ওয়াইনেটের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের তেইবেহ শহরের আকাশে ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা একটি সাধারণ তারের কুণ্ডলীর কাছে অকেজো হয়ে পড়ে।
