দলীয় বিদ্রোহে খাদের কিনারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। নিজের মন্ত্রিসভার সদস্যদের মধ্যেই এখন বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা এখন একটি মৌলিক প্রশ্নে দ্বিধাবিভক্ত- প্রধানমন্ত্রী পদে থাকবেন, নাকি সরে দাঁড়াবেন?
মন্ত্রীদের মধ্যে এ ধরনের বিভক্তি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা সম্ভব নয়। হয় ভিন্নমত পোষণকারী মন্ত্রীদের পদত্যাগ করতে হবে বা তাদের সরিয়ে দিতে হবে, নয়তো শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকেই সরে দাঁড়াতে হতে পারে। একজন লেবার আইনপ্রণেতা বলেন, স্টারমারের ভাষণটি ছিল ‘অবিশ্বাস্য রকম বাজে’। সংক্ষিপ্ত হলেও এ মন্তব্য ছিল অত্যন্ত কঠোর। পরে স্টারমারের অন্যান্য দলীয় সহকর্মীর কাছ থেকে যে তীব্র সমালোচনার ঢল নামে, সেটি যেন আগেই ইঙ্গিত দিয়েছিল এ মন্তব্য।
গত সোমবার রাতে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানে তাকে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। কেউ তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন, কেউ বলেছেন পদত্যাগের সময়সীমা ঠিক করতে। আবার কেউ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাকে বিকল্প পথ খুঁজে পেতে সাহায্য করার চেষ্টা করেছেন। ক্ষমতাসীন লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে এখন যেন বাঁধভাঙা অসন্তোষ দেখা দিয়েছে। একের পর এক আইনপ্রণেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর ওপর থেকে আস্থা হারানোর কথা বলছেন। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ এক ভাষণের পর থেকেই ব্যক্তিগত ও প্রকাশ্য সমালোচনা বাড়তে থাকে। একজন লেবার আইনপ্রণেতা বিবিসিকে বলেন, ভাষণটি ছিল ‘অবিশ্বাস্য রকম বাজে’। সংক্ষিপ্ত হলেও এ মন্তব্য ছিল অত্যন্ত কঠোর।
