পরিকল্পনা করছে রাশিয়া দাবি জেলেনস্কি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া বেলারুশকে আরও গভীরভাবে সম্পৃক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চল বা ন্যাটোভুক্ত কোনো দেশের ওপর হামলার পরিকল্পনা করছে মস্কো। গত শুক্রবার সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা লিখেছেন।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে বেলারুশকে আরও গভীরভাবে জড়িয়ে নেওয়ার জন্য রাশিয়া যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তার প্রমাণ সংগ্রহ ও নথিভুক্ত করে চলেছি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেন জানতে পেরেছে যে রাশিয়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোকে ‘নতুন সামরিক অভিযানে’ যোগ দিতে রাজি করানোর চেষ্টা করছে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া বেলারুশের দক্ষিণ ও উত্তর দিক থেকে সামরিক অভিযানের পরিকল্পনা করছে। বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি ইউক্রেনের চেরনিহিভণ্ডকিয়েভ এলাকার দিকে বা কোনো ন্যাটো দেশের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে তারা। তবে জেলেনস্কি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি। বেলারুশের দক্ষিণে ইউক্রেনের অবস্থান। আর উত্তর ও পশ্চিমে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া। জেলেনস্কির মন্তব্যের বিষয়ে রাশিয়া বা বেলারুশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।মস্কো ইউক্রেনে তাদের সামরিক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি। কারণ, সেগুলো রাষ্ট্রীয় গোপন তথ্য হিসেবে বিবেচিত হয়। আলেকসান্দার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন।