যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলা, গাজা ও লেবাননে ১৩ জন নিহত
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলার ঘটনা ঘটে গত রোববার। গাজা ও লেবাননে পৃথক হামলায় মোট ১৩ জন নিহত হয়েছেন।
রোববার উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে মধ্যগাজার দেইর আল-বালাহ শহরে একটি কমিউনিটি কিচেনের তিন কর্মী রয়েছেন। খান ইউনিস ও বেইত লাহিয়াতেও হতাহতের খবর পাওয়া গেছে। গাজা নগরী থেকে আল-জাজিরার প্রতিনিধি হিন্দ খোদারি জানান, গতকাল দেইর আল-বালাহ শহরের একটি কমিউনিটি কিচেনে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত তিনজনই ওই কমিউনিটি কিচেনের কর্মী ছিলেন। খোদারি বলেন, এ হামলা থেকে বোঝা যায়, ইসরায়েল শুধু মানুষই নয়, গাজাজুড়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করছে।
হামলার প্রতিক্রিয়ায় হামাস এটিকে ‘ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। সংগঠনটির ভাষ্য, এটি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার আরেকটি দৃশ্য।
