ইরান যুদ্ধের প্রভাবে বড় ক্ষতির মুখে ইসরায়েলের জাতীয় বিমান
প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরাইলের জাতীয় বিমান এল আই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দখলদারদের আকাশসীমা দীর্ঘ সময় বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ থাকায় লোকসান গুনতে হয়েছে বিমান সংস্থাটিকে।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে এল আলের নিট লোকসান দাঁড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ ডলার। অথচ গত বছরের একই সময়ে সংস্থাটি ৯ কোটি ৬০ লাখ ডলার নিট মুনাফা করেছিল। বিমান সংস্থাটি জানিয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ইসরাইলি শেকেলের শক্তিশালী অবস্থান এবং জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় তাদের আয়ে বড় ধাক্কা লেগেছে। ফলে প্রথম প্রান্তিকে কোম্পানির মোট রাজস্ব ২৭ শতাংশ কমে ৫৬ কোটি ২০ লাখ ডলারে নেমে আসে। এল আইয়ের দাবি, ইরান যুদ্ধের কারণে এখন পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে।
