তামিলনাড়ু জয় করে বিজয়ের নজর এবার কেরালায়

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্যের পর এবার প্রতিবেশী রাজ্য কেরালায় নিজেদের রাজনৈতিক ভিত শক্ত করতে কোমর বেঁধে নেমেছে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি. জোসেফ বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাঝাগাম’ (টিভিকে)। দল গঠনের মাত্র দুই বছরের মাথায় তামিলনাড়ুর রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিয়ে এবার কেরালার দিকে হাত বাড়াচ্ছেন এই দক্ষিণী তারকা। এরই মধ্যে কেরালার ওয়ায়ানাদ ও পালাক্কাদে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে টিভিকে। এর ধারাবাহিকতায় এবার থ্রিসুর জেলায় আনুষ্ঠানিকভাবে দলের জেলা কমিটি গঠন করেছে তারা। কেরালার রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের কৌশল হিসেবেই এই পদক্ষেপকে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি থ্রিসুরে দলটির উদ্বোধনী সভায় বিজয়ের বিপুলসংখ্যক ভক্ত ও অনুরাগী অংশ নেন। মূলত এই ভক্তরাই ছিল সভার মূল চালিকাশক্তি। রাজনৈতিক যাত্রার প্রাথমিক ধাপে টিভিকে মূলত ‘বিজয় ফ্যানস অ্যাসোসিয়েশন’-এর সদস্যদের এই রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে।