ইউরোপে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন ইউরোপে তাদের সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ইউরোপে মোতায়েন থাকা মার্কিন সেনা ব্রিগেডের সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটিতে আনা হয়েছে। খবর আল আরাবিয়ার। পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ইউরোপে নিয়োজিত ব্রিগেড কমব্যাট টিম (বিসিটি)-এর সংখ্যা চার থেকে তিনে নামানো হয়েছে। প্রতিটি বিসিটিতে প্রায় ৪০০০ থেকে ৪৭০০ সেনা সদস্য থাকে বলে কংগ্রেশনাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই পরিবর্তনের ফলে পোল্যান্ডে নতুন মার্কিন সেনা মোতায়েন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। তবে এটি পুরোপুরি বাতিল করা হয়নি। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, পোল্যান্ডে পরিকল্পিত ৪০০০ সেনা মোতায়েন স্থগিত করা হয়েছে, বাতিল নয়। পেন্টাগন বলেছে, ভবিষ্যতে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রয়োজন এবং ইউরোপীয় মিত্রদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার ওপর ভিত্তি করে।