এক দিনেই এভারেস্ট জয় করলেন ২৭৪ পর্বতারোহী
নতুন বিশ্বরেকর্ড
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

আবহাওয়া অনুকূলে থাকায় গত বুধবার এক দিনেই মাউন্ট এভারেস্টের দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে চূড়ায় উঠেছেন রেকর্ড ২৭৪ জন আরোহী। নেপালের এক পর্বতারোহণ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী সিএনএনকে এই নতুন রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চমৎকার আবহাওয়া এবং ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু চূড়াটিতে ওঠার জন্য বিপুলসংখ্যক আরোহী অপেক্ষায় থাকায় এই রেকর্ড তৈরি হয়েছে। সপ্তাহের শেষের দিকে তীব্র বাতাসের পূর্বাভাস থাকায় আরোহীরা এই সুযোগ হাতছাড়া করেননি। এর আগে ২০১৯ সালের ২২ মে এক দিনে সর্বোচ্চ ২২৩ জন আরোহী দক্ষিণ দিক দিয়ে এভারেস্ট জয় করেছিলেন, যা ছিল আগের রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে প্রায় ৫০ জন বেশি আরোহী এক দিনে চূড়ায় পৌঁছালেন। অবশ্য সে বছর তিব্বত অংশ (উত্তর দিক) দিয়েও অনেকে চূড়ায় ওঠায় মোট আরোহীর সংখ্যা বেশি ছিল। তবে প্রতিবেদন অনুযায়ী, এ বছর চীন উত্তর দিক দিয়ে পর্বতারোহণের কোনও অনুমতি দেয়নি।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের জন্য আরোহীরা মূলত মে মাসের মাঝামাঝি থেকে শেষ ভাগ পর্যন্ত একটি উপযুক্ত সময়ের অপেক্ষা করেন। এ সময় শীতকালীন তীব্র বাতাস কিছুটা কমে আসে। তবে এভারেস্টে অতিরিক্ত ভিড়ের সমস্যাটি বেশ কয়েক বছর ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে পর্বতারোহী নির্মল পুরজার তোলা একটি ছবিতে দেখা গিয়েছিল, চূড়ায় ওঠার জন্য উন্মুক্ত এক পাহাড়ি খাঁজে আরোহীদের দীর্ঘ লাইন। নির্মল পুরজা সে সময় সিএনএনকে জানিয়েছিলেন, মৃত্যু অঞ্চল হিসেবে পরিচিত ওই অংশে চূড়ায় ওঠার জন্য প্রায় ৩২০ জন মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। চলতি বছর এভারেস্টের সুউচ্চ চূড়ায় ওঠার পথটি বরফে অবরুদ্ধ হয়ে পড়ায় শত শত আরোহীর যাত্রা ব্যাহত হয়েছিল। আইসফল ডক্টরস নামে পরিচিত উচ্চণ্ডউচ্চতার বিশেষায়িত কর্মীরা ‘সেরাক’ নামের একটি বিশাল বরফখণ্ড অপসারণ করতে কয়েক সপ্তাহ ধরে কাজ করেন। গত ১৩ মে অবশেষে পথটি উন্মুক্ত করা হয়। তবে এই বিলম্বের কারণে আরোহীদের ভিড় জমে যায় এবং চূড়ায় ওঠার সময় কমে আসায় পর্বতটিতে অতিরিক্ত ভিড় ও জ্যামের আশঙ্কা তৈরি হয়েছিল। উল্লেখ্য, নেপাল কর্তৃপক্ষ এ বছর এভারেস্ট জয়ের জন্য প্রায় ৫০০টি অনুমতিপত্র ইস্যু করেছে।
