ইউরোপে রেকর্ড হারে বাড়ছে যৌনরোগ সিফিলিস-গনোরিয়া

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপজুড়ে যৌনবাহিত রোগ সিফিলিস ও গনোরিয়ার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে এ দুই রোগের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা, সচেতনতার অভাব এবং নিরাপদ যৌন আচরণে অনীহা- এসব কারণেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপের দেশগুলোকে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসিডিসির ২০২৪ সালের তথ্য অনুযায়ী, গত বছর ইউরোপে গনোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৩৩১ জন, যা ২০১৫ সালের তুলনায় ৩০৩ শতাংশ বেশি। একই সময়ে সিফিলিসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৭ জনে, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইসিডিসির সংক্রামক ও টিকাপ্রতিরোধযোগ্য রোগ ইউনিটের প্রধান ব্রুনো চিয়ানসিও বলেন, এ রোগগুলো দীর্ঘমেয়াদে বন্ধ্যত্ব, তীব্র শারীরিক জটিলতা এবং স্থায়ী স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে চিকিৎসা ছাড়া সিফিলিস হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।