
পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত ও আরও ৭০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দেশটির সহিংসতাকবলিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটেছে। দেশটির রেলওয়ে কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উর্দুকে বলেছেন, বিস্ফোরণের এই ঘটনায় ট্রেনের তিনটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে এবং দুটি বগি উল্টে গেছে। ঈদের ছুটিতে বাড়িতে ফেরা সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে বহন করছিল শাটল ট্রেনটি। ওই সময় সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসা সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, তাদের সদস্যরা সৈন্য ও তাদের পরিবারকে লক্ষ্য করে ট্রেনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে দেশটির সরকারি কর্মকর্তারা এখনও বিএলএর হামলার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেননি।
ঘটনাস্থলের ছবিতে পুড়ে ও দুমড়ে-মুচড়ে যাওয়া বগি এবং আশপাশের একাধিক গাড়ির পাশাপাশি একটি ভবনে বোমার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। নাসির আহমেদ নামের স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ট্রনটি চলন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটেছে এবং ভেতরে যাত্রী ছিলেন। তিনি বলেন, সকালের দিকের এই বিস্ফোরণের সময় পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন এবং বিস্ফোরণে তার ঘরের সব জানালার কাচ ভেঙে গেছে। বেলুচিস্তানের এক পুলিশ কর্মকর্তা বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীদের এই ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের সংকল্পকে দুর্বল করতে পারবে না। তিনি বলেন, এই শোকের মুহূর্তে পুরো জাতি বেলুচিস্তানের জনগণের পাশে রয়েছে।