ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ রাজা সুব্রামানি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান ও চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত জেনারেল এনএস রাজা সুব্রামানি ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। তার দায়িত্ব হবে ভারতের দীর্ঘদিনের সামরিক থিয়েটারাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, তিনি জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হয়েছেন। শনিবার মেয়াদ পূর্ণ হওয়ায় জেনারেল চৌহান দায়িত্ব থেকে অবসর নেন। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রাজা সুব্রামানি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের ৩১ জুলাই অবসর গ্রহণ করেন।
