বিবিসির প্রতিবেদন
২০ মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি। তাদের বিশ্লেষণে দেখা যায়, এসব হামলার ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতি প্রকাশ্যে স্বীকার করা তথ্যের চেয়ে অনেক বেশি। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের আটটি দেশে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এসব হামলায় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী বিমান এবং রাডার ব্যবস্থার কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। গত তিন মাসে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পালটা হামলার জবাবে তেহরান মার্কিন ঘাঁটি এবং যৌথ সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে। অন্যদিকে, পেন্টাগনের দাবি, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে তারা ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন স্থাপনাগুলোতে হামলার সফলতা তুলে ধরতে চেষ্টা করেছেন। গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্য এখন আর মার্কিন সামরিক ঘাঁটির জন্য ‘নিরাপদ জায়গা’ নয়। যদিও হোয়াইট হাউস বারবার দাবি করেছে যে ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, বিশ্লেষকদের মতে মার্কিন ঘাঁটিগুলোতে যে ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে, তা প্রমাণ করে ইরানের পালটা হামলা যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি নির্ভুল ও ব্যাপক ছিল।
