জনরোষ থেকে বাঁচতে খাটের নিচে লুকালেন তৃণমূল নেতা
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু সেই বাড়ি আর দিতে পারেননি। আবার মানুষের টাকাও ফেরত দেননি। এমন অবস্থায় সাধারণ মানুষ টাকা ফেরত নিতে তার বাড়ি ঘেরাও করেন। সেসব মানুষের ক্ষোভ থেকে বাঁচতে নিজের খাটের নিচে লুকান ওই ব্যক্তি। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক নেতার সঙ্গে হওয়া এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত ?বৃহস্পতিবার জানিয়েছে, ওই নেতাকে পুলিশ পরবর্তীতে খাটের নিচে থেকে উদ্ধার করেছে। অভিযুক্ত নেতার নাম শহিদুল মিয়া। ভারতের পশ্চিমবঙ্গের জোরপারকি গ্রাম পঞ্চায়েত এলাকার মাথাভাঙ্গা ১ ব্লকে এ ঘটনা ঘটে।
শহিদুলের বিরুদ্ধে একটি আবাসন প্রকল্পের অধীনে সরকারি বাড়ি বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সংগৃহীত অর্থ ‘কাট মানি’ হিসেবে নেওয়া হয়েছে এবং কোনো সুবিধাই দেওয়া হয়নি।
এ ঘটনায় গত ২৫ থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। এ সময়ে একদল নারী তাদের টাকা ফেরতের দাবিতে শহিদুলের বাড়িতে প্রথম বিক্ষোভ করে।
