পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ থামানোর নতুন এক প্রচেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেইনের নেতা বলেছেন, ইউরোপের এই যুদ্ধ কখন আবার যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ফিরবে, সেজন্য অপেক্ষা করে থাকা ‘ভুল হবে’। তিনি বলেন, কেবল ইউক্রেইন ও রাশিয়ার ‘সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই’ শান্তি আসতে পারে।
বিবিসি লিখেছে, চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনার পুরো সময় জুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে এর আগে বৃহস্পতিবারই এ ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন পুতিন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, দুই নেতা বৈঠকে বসলে তা ‘খুবই ভালো হবে’ বলে তিনি মনে করেন। ক্রেমলিন জানিয়েছে, তারা চিঠিটি পেয়েছে এবং এ বিষয়ে পুতিনকে বিস্তারিত জানানো হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১,৮০০ শব্দের ওই চিঠিটির সুর ছিল বেশ চ্যালেঞ্জিং, এমনকি কিছুটা উপহাসমূলক। বিশেষ করে রাশিয়ার ভেতরে ইউক্রেইনের সাম্প্রতিক হামলাগুলোর দিকে পুতিনের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলেনস্কি।
