উত্তর কোরিয়ায় বিরল সফরে যাচ্ছেন শি জিনপিং

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে পরপর আতিথেয়তা দেওয়ার কয়েক সপ্তাহ বাদেই উত্তর কোরিয়ায় যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া গতকাল শুক্রবার জানিয়েছে, আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরে শি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-ও এ সফরের কথা নিশ্চিত করেছে।

সিএনএন লিখেছে, ২০১৯ সালের পর উত্তর কোরিয়ায় এটিই হবে শি’র প্রথম সফর এবং প্রতিবেশীর সঙ্গে জটিল সম্পর্ককে উষ্ণ করার জন্য বেইজিংয়ের সর্বশেষ পদক্ষেপ। এ বছর এটিই শির প্রথম বিদেশ সফর। শির সবশেষ বিদেশ সফর ছিল গত বছরের অক্টোবরে, দক্ষিণ কোরিয়ায়। সেই সফরে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এরপর বেইজিংয়ে বিদেশি রাষ্ট্রনেতাদের ঢল নামে। শির আমন্ত্রণে এ বছর ১৭ জন বিশ্ব নেতা বেইজিং সফর করেছেন।