আত্মীয়কে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে নিজেই আইসিইউতে

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত বুধবার আগুনে পুড়ে ২১ জনের মৃতু হয়েছে। যার মধ্যে বেশিরভাগই বিদেশি। নিহতদের মধ্য অন্তত একজন বাংলাদেশি রয়েছেন। এছাড়া আহত অবস্থায় আইসিইউতে আছেন আরও কয়েকজন। দিল্লির হোটেলের ওই আগুনের ভয়াবহতার শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। ওই পরিবারের একজন প্রাণ হারিয়েছেন। আর কয়েকজন আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, মোশাররফ হোসেন নামে ৪২ বছর বয়সি এক ব্যক্তি দিল্লিতে নিজের কিডনি প্রতিস্থাপন করতে গিয়েছিলেন। তার সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী রেহানা। এতে তাদের সফরসঙ্গী হয়েছিলেন তাদের আত্মীয় মোহাম্মদ নুরুল আমিন।

দিল্লির একটি হাসপাতালে মোশাররফের কিডনি প্রতিস্থাপন করার কথা ছিল। আর তাকে কিডনি দান করছিলেন তারই আরেক নারী আত্মীয়। যে নারী কিডনি দিতে গিয়েছিলেন তার সঙ্গে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন তার মেয়ে। তারা সবাই দিল্লির ওই হোটেলের আগুনে আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া বলেছে, আগুনে পুড়ে নুরুল আমিন মারা গেছেন।