ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘বিকল্প নেই’

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। কারণ, সব সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টই (ট্রাম্প) নেন।

ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তার (নেতানিয়াহু) সামনে অন্য কোনো বিকল্প থাকবে না।’ তিনি আরও বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নিই। সব সিদ্ধান্ত আমি নিই। তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।’ গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গত রোববার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে আলাদাভাবে জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেবেন। ট্রাম্পের এই অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সঙ্গে চলমান আলোচনা সম্পন্ন করার বিষয়ে তার ইচ্ছায় কোনো পরিবর্তন আনেনি। তিনি বলেন, ‘চুক্তির ওপর এর কোনো প্রভাব পড়বে না।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে এটি (ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলা) এমন আক্রমণ ছিল না যা খুব বড় কোনো ধাক্কা দিয়েছে। আপনি কীভাবে দেখছেন তার ওপর ভিত্তি করে বলা যায়, এটি এমন একটি বিষয় যা ৩ হাজার বছর বা ৪৭ বছর ধরে চলে আসছে।’ তবে গত এপ্রিলের শুরুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ইরানের সঙ্গে প্রথম দফা আলোচনা শুরু হওয়ার পর থেকে ট্রাম্প যে অবস্থানে ছিলেন, তার তুলনায় এবার তাঁকে ইরানের সঙ্গে চুক্তি খুব দ্রুতই সম্পন্ন হচ্ছে- এমন কোনো দৃঢ় আশাবাদ ব্যক্ত করতে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় চুক্তির বিষয়ে অগ্রগতি হচ্ছে। দেখা যাক কী হয়।’ তিনি জোর দিয়ে বলেন, রোববারের ইরানি হামলা তার চিন্তা-ভাবনায় কোনো প্রভাব ফেলবে না। ট্রাম্প বলেন, ‘চুক্তিটি তার নিজস্ব গুণাগুণের ভিত্তিতে হতেও পারে, আবার নাও হতে পারে; তবে এই ঘটনার কোনো প্রভাব এর ওপর পড়বে না।’ যদি এ ধরনের কোনো চুক্তি ‘তার নিজস্ব গুণাগুণের কারণেই’ ব্যর্থ হয়, তাহলে কী হবে—এমনটা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি ইরানে কমান্ডো অভিযানের কথা বিবেচনা করবেন।

এ ক্ষেত্রে দুটি পরিস্থিতি হতে পারে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘প্রথমত, আমরা সম্ভবত সেখানে যাব এবং দেশটির বাকি অংশের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেসব অংশে আগে হামলা চালানো হয়নি। অথবা কেবল এটিই হতে পারে যে আমরা ইরানের ওপর অবরোধ বজায় রাখব।