উত্তর কোরিয়ায় পা রাখলেন শি জিনপিং
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ায় পা রেখেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৯ সালের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। চীনের রাজধানী বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠকের পর এবার উত্তর কোরিয়ায় সফরে গেলেন জিনপিং।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আন্তঃকোরীয় সংঘাত- এই বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকতে পারে।
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই গত এপ্রিলে পিয়ংইয়ং সফর করেন যেখানে কিম বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্যমতে, শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিয়ুয়ান গাড়িতে করে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে এসে পৌঁছান, যেখানে একটি সামরিক ব্যান্ড এবং ‘উল্লাসিত জনতা’ অধীর আগ্রহে তাদের আগমনের অপেক্ষায় ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং উন এবং তার স্ত্রী রি সোল জু তাদের স্বাগত জানান। তাদের দুই পাশে উত্তর কোরিয়া ও চীনের মধ্যে চিরস্থায়ী বন্ধুত্ব এবং উত্তর কোরিয়া ও চীনের মধ্যে অটুট বন্ধুত্ব ও ঐক্য দীর্ঘজীবী হোক লেখা ব্যানার ছিল। এরপর শি জিনপিং উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর অভিজাত আনুষ্ঠানিক ইউনিট, কোরিয়ান পিপলস আর্মির গার্ড অব অনার পরিদর্শন করেন।
