মার্কিন আগ্রাসন প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সহায়তায় ঐকমত্য
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে একমত হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নেতা কিম জং উন। গতকাল মঙ্গলবার তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে পিপলস ডেইলি চায়না।
পিয়ংইয়ং সফরকালে শি জিনপিং তার স্ত্রী পেন লিউয়ানকে সঙ্গে নিয়ে কিম জং উন ও তার স্ত্রী রাই সোল জুর উপস্থিতিতে চীন-ডিপিআরকে ফ্রেন্ডশিপ টাওয়ারে শ্রদ্ধা নিবেদন করেন। শি ও কিম উভয়েই বলেন, ১৯৫০-এর দশকে চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি যুদ্ধ করার ইতিহাস দুই দেশের জন্য একটি চিরন্তন যৌথ স্মৃতি। দুই নেতা চীনা পিপলস ভলান্টিয়ার্সের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভগুলো যৌথভাবে সংরক্ষণ, বিপ্লবী ঐতিহ্য ও যুব শিক্ষাবিষয়ক বিশেষ কর্মসূচি পরিচালনা এবং ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তা’ যুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
মঙ্গলবার সকালে কিম জং উনের সঙ্গে উত্তর কোরিয়ার সেন্ট্রাল ক্যাডারস ট্রেইনিং স্কুল পরিদর্শন করেন শি জিনপিং। প্রশিক্ষণ স্কুলের শিক্ষাভবনগুলোর মধ্যবর্তী বৃক্ষাচ্ছাদিত এলাকায় শি ও কিম যৌথভাবে একটি ফার (ঋরৎ) গাছ রোপণ করেন। সারা বছর সবুজ থাকা এই গাছকে চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্বের স্থায়িত্ব এবং ক্রমাগত নবায়নের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়।
