হোয়াইট হাউসের নিচে কেন নতুন ভূগর্ভস্থ বাঙ্কার বানাচ্ছেন ট্রাম্প

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউস বলরুম কমপ্লেক্সের নিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন একটি ভূগর্ভস্থ বাঙ্কার তৈরির পরিকল্পনা করছে—এমন খবর প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রায় ৪০ কোটি ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা) ব্যয়ের এই প্রকল্পে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ নিরাপত্তা ব্যবস্থা, একটি সামরিক হাসপাতাল এবং একটি ড্রোন ঘাঁটিও অন্তর্ভুক্ত রয়েছে।

গত ১৬ এপ্রিল ডিসট্রিক্ট আদালতের বিচারক রিচার্ড লিওন প্রস্তাবিত ৯০ হাজার বর্গফুটের বলরুমের মাটির ওপরের নির্মাণকাজের কিছু অংশ স্থগিত করার পর এই প্রস্তাবটি সবার নজরে আসে। হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের জায়গায় এই বলরুমটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। যেখানে ১ হাজার জন পর্যন্ত মানুষের বড় ধরনের অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা থাকবে; যা বর্তমান বিনোদন স্থানগুলোর ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি। প্রশাসন এই প্রকল্পের অন্যতম প্রধান কারণ হিসেবে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছে।