সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস প্রদেশে রুশ বিমান বাহিনীর একটি টিইউ-২২এমথ্রি স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গত সোমবার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিধ্বস্ত হওয়ার সময় বোমারু উড়োজাহাজটিতে পাইলটসহ মোট চারজন ছিলেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি ভূপাতিত হওয়ার আগেই তারা নিজেদের নিরাপদে ইজেক্ট (জরুরি নির্গমণ) করে নিয়েছিলেন। ইঞ্জিন বিকল হওয়া বা কারিগরি ত্রুটিকে এই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা। নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় হঠাৎ করেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তাসংস্থা জানিয়েছে, বিমানটি লোকালয় থেকে দূরে বিধ্বস্ত হওয়ায় মাটিতে থাকা কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি এবং দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো ধরনের যুদ্ধাস্ত্র বা লাইভ গোলাবারুদ ছিল না।

উদ্ধার করা চারজন ক্রুকেই চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা কেউ প্রাণঘাতী আঘাত পাননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, রুশ এই বোমারু বিমানটি আঙ্গারা নদীর তীরের কাছাকাছি একটি ঘন বনাঞ্চলে দ্রুত গতিতে নিচের দিকে নেমে আছড়ে পড়ে এবং বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে থাকে।সামরিক বিশেষজ্ঞদের মতে, সোভিয়েত আমলে তৈরি শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে সক্ষম এই দূরপাল্লার বোমারু বিমানটি রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক ‘কিনঝাল’ ও ‘ড্যাগার’ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) এই যুদ্ধবিমারের সাংকেতিক নাম (কোড-নেম) দিয়েছে ‘ব্যাকফায়ার’। সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেনে চলমান সামরিক অভিযানে এই বিমানটি ব্যাপক হারে ব্যবহার করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।