নেতানিয়াহুর পতনে সামরিক হস্তক্ষেপের ডাক লিবারম্যানের

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি দখলদার সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী দেশটির সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণ করেন।

তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইসরায়েলি সাবেক যুদ্ধমন্ত্রী এবং ‘ইসরায়েল বেইতেনু’ (ইসরায়েল আমাদের ঘর) দলের প্রধান আভিগদোর লিবারম্যান দখলদার বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামিরের প্রতি আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু ও তাঁর মন্ত্রিসভাকে যেন ক্ষমতাচ্যুত করে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিবারম্যান লেখেন, ‘হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি আমাদের মৃত্যুর সমান। আমরা ইয়াল জামিরের কাছে আহ্বান জানাই, তিনি যেন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করেন। ৭ অক্টোবরের বিপর্যয়ের জন্য প্রধান দায়ী ব্যক্তি নেতানিয়াহুই বলে তিনি মন্তব্য করেন।’ অপরদিকে, অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তেল আবিবের কেন্দ্রস্থল হাবিমা স্কয়ারে এক হাজারেরও বেশি মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানান। একই ধরনের বিক্ষোভ অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় বসতিগুলোতেও এবং দক্ষিণাঞ্চলের বেইর শেভা শহরেও অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্পষ্ট করেছে, ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তেল আবিবের প্রভাব সীমিত।