মার্কিন প্রেসিডেন্টরা ইচ্ছামতো দেশকে যুদ্ধে জড়াতে পারেন না
বললেন বার্নি স্যান্ডার্স
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সিনেটর বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার বিষয়ে সিনেটে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
পার্সটুডের প্রতিবেদনে ইরনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বার্নি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে এক বার্তায় লিখেছেন, ‘মার্কিন কংগ্রেস অবশেষে সেই কাজটি করেছে, যা কয়েক মাস আগেই করা উচিত ছিল। তারা ইরানের সঙ্গে যুদ্ধের অবসানের পক্ষে ভোট দিয়েছে।’
এই মার্কিন সিনেটর আরও বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট।
তিনি জোর দিয়ে বলেন, ‘সংবিধান অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা নিজেদের ইচ্ছামতো দেশকে যুদ্ধে জড়াতে পারেন না; কারণ এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত।’ স্যান্ডার্স শেষ পর্যন্ত ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদনের আহ্বান জানিয়ে বলেন, সময় এসেছে মার্কিন কংগ্রেস তার আইনগত দায়িত্ব অবশেষে গ্রহণ করুক।
