খামেনির জানাজার সময় বিমান চলাচলে নিষেধাজ্ঞা ইরানের
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরান, কোম ও মাশহাদ শহরে বিমান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা। গতকাল বুধবার সংস্থাটির প্রধান আবুজার শিরুডি এক বিবৃতিতে জানিয়েছেন, জানাজা উপলক্ষে বিদেশি প্রতিনিধি দলগুলোকে অগ্রাধিকার এবং আকাশপথ সুরক্ষিত করার লক্ষ্যে গত শুক্রবার সকাল থেকে মেহরাবাদ বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে না এবং ওই দিন ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। তিনি আরও বলেন, ৪ ও ৫ জুলাই তেহরানের মেহরাবাদ ও খোমেনি বিমানবন্দরে সীমিত কার্যক্রম চলবে। তবে ৬ জুলাই মূল জানাজার সময় তেহরানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং রাজধানীর প্রধান এই দুই বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট চলাচল করবে না। সর্বশেষ ৯ জুলাই মাশহাদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনে মার্কিন-ইসরায়েলি হামলার নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি।
