পাকিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত ৩০

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির কোস্ট গার্ডের একটি ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী ও কমান্ডো হামলা চালানোর দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। হামলায় ৩০ জনের বেশি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও বহু আহত হওয়ার দাবি করেছে গোষ্ঠীটি।

বিএলএ-এর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে বলেন, গত শুক্রবার স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গোয়াদার জেলার জিওয়ানির পানওয়ান এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি সুরক্ষিত ক্যাম্পে এই হামলা চালানো হয়। এতে বলা হয়, তাদের এলিট মজিদ ব্রিগেডের একজন সদস্য বিস্ফোরক বোঝাই একটি মাজদা গাড়ি নিয়ে মূল ক্যাম্পে আঘাত হানে ও বিস্ফোরণ ঘটায়, যার ফলে পুরো স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর বিএলএ-এর বিশেষ ‘ফতেহ স্কোয়াড’ সব দিক থেকে সমন্বিতভাবে গুলি চালিয়ে ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। বিএলএ আরও দাবি করেছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া কর্মী এবং আহতদের গুরুতর অবস্থার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবৃতিতে আত্মঘাতী হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়েছে- তার নাম আতাউল্লাহ বালোচ, যিনি আজমল নামেও পরিচিত।