পানির নিচে মুম্বাই, রেড অ্যালার্ট জারি

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাই ও আশপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। গত রোববার দিনভর মুম্বাই ও আশপাশের এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জোরদার করেছে বিএমসি। জরুরি সহায়তার জন্য ১৯১৬ নম্বরে হেল্পলাইন চালু করেছে।

রোববার সকালে মেট্রো ও বাস চলাচল স্বাভাবিক থাকলেও লোকাল ট্রেন বিলম্বে চলছিল। এর আগে গত শনিবার রেললাইনে পানি জমে যাওয়ায় কিছু সময়ের জন্য লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার বিকাল ও সোমবার ভোরে সমুদ্রে বড় জোয়ার হতে পারে। এ কারণে নিচু এলাকা ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তা ধসে গেছে, উপড়ে পড়েছে গাছ। এতে মুম্বাইয়ের পাশাপাশি পালঘর ও পুনেতেও জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পুনের কয়েকটি এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

বিএমসি জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভিক্রোলি পশ্চিম এলাকায়। এছাড়া গত মালাবার হিল, মা-ভি, আন্ধেরি, যোগেশ্বরী ও গোরেগাঁওয়ের আ্যারে কলোনিতেও ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।