যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
ট্রাম্প-পুতিন-জেলেনস্কির ফোনালাপ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি- দুজনের সঙ্গেই পৃথক টেলিফোনে কথা বলেছেন। প্রায় ৯০ মিনিটের ট্রাম্প-পুতিন ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। একই সময়ে ট্রাম্পের সঙ্গে নিজের ফোনালাপের বিষয়টিও নিশ্চিত করেছেন জেলেনস্কি। খবর রয়টার্সের।
আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, ট্রাম্প আবারও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ এবং সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। উশাকভ এই ফোনালাপকে ‘বেশ গঠনমূলক’ বলে উল্লেখ করেন। তার ভাষ্য, রাশিয়া নিজেদের মৌলিক অবস্থান অক্ষুণ্ন রেখে ইউক্রেন সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায়। তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যুদ্ধ দীর্ঘায়িত করার পাশাপাশি সংঘাতকে আরও তীব্র করে তুলতে চায়। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগও তোলেন তিনি। এ প্রসঙ্গে উশাকভ বলেন, ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়েছে। তার দাবি, এসব হামলার বেশির ভাগই রাশিয়ার তেলশিল্প-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যার ফলে দেশটির কয়েকটি অঞ্চলে জ্বালানিসংকট দেখা দিয়েছে। ফোনালাপে পুতিন ট্রাম্পকে জানান, যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। রাশিয়ার সামরিক কর্মকর্তারাও গত শুক্রবার পুতিনকে জানান, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির জেনারেল স্টাফ।
