গাজার শাসনভার ছাড়ল হামাস
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার শাসন পরিচালনাকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে উপত্যকায় বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সৃষ্টি হলো। গত সোমবার হামাসের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। একই সঙ্গে ২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা প্রশাসনের জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) কাছে প্রশাসনিক ও সরকারি দায়িত্ব হস্তান্তর সহজ করতে কমিটিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হামাসের এই কর্মকর্তা আরও জানান, এখন জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে কমিটির কাজ তদারকির দায়িত্ব দেওয়া হবে। গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি সংগঠন ফাতাহ’র কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হামাস এই ভূখণ্ড শাসন করে আসছে।
