পাকিস্তানে চার দিনে সন্ত্রাসী হামলায় নিহত ৪২

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত চার দিনে সন্ত্রাসী হামলা ও পরবর্তী অভিযানে বেসামরিক নাগরিক এবং দেশটির পুলিশ ও সেনা সদস্যসহ কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। এছাড়া পাল্টা হামলায় ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার (৫ জুলাই) থেকে গত চার দিনে বেলুচিস্তানে তিনটি বড় সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে- ৫ জুলাই কোয়েটার উপকণ্ঠে একটি সশস্ত্র হামলা, ৬ জুলাই জিয়ারাত জেলায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা এবং আজ বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহরে ওপর অতর্কিত হামলা। এসব হামলায় চারজন বেসামরিক নাগরিক, ২৭ জন পুলিশ ও ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৪২ জন শহীদ হয়েছেন। আহমেদ শরীফ জোর দিয়ে বলেন, ‘এই ৪২টি অমূল্য জীবন তারা দেশকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

তিনি আরও জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সেনাবাহিনী, এফসি (ফ্রন্টিয়ার কোর), আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ), নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানে এখন পর্যন্ত ‘ফিতনা আল খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তানের’ ৫৪ জন সন্ত্রাসী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।