গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশপ্রধানসহ নিহত আট

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পুলিশ স্টেশনে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত মঙ্গলবার বিকালে পশ্চিম জাবালিয়ার আল-ফালুজা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, নিহত পুলিশ সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট থানার পরিচালকও রয়েছেন। এছাড়া এক বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সংঘটিত ‘ভয়াবহ গণহত্যা’ বলে উল্লেখ করেছে। অন্যদিকে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় নিহত আটজনের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও ছিলেন। নিহতদের লাশ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের মতে, হামলার শিকার পুলিশ স্টেশনটি বাস্তুচ্যুত মানুষের একটি বড় বাজার এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করছিল। এর আগে মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে পৃথক একটি ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং এক শিশু ও এক নারীসহ তিনজন আহত হন। একই এলাকায় দুদিন আগে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত আরও এক ব্যক্তি পরে মারা যান।

এদিকে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে ১০ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ভারী মেশিনগানের গুলিতে গুরুতর আহত শিশুটিকে স্বজনরা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এসব ঘটনায় মঙ্গলবার গাজায় মোট নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ২৩৩ জন নিহত এবং এক লাখ ৭৩ হাজার ৭০৭ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও অন্তত এক হাজার ১১০ জন নিহত হয়েছেন। তবে হতাহতের এসব তথ্যের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।