সৌদিকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের কাছে প্রায় ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের লক্ষ্যেই এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নেবে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

অনুমোদিত প্যাকেজের আওতায় সৌদি আরব সর্বোচ্চ ২০ হাজার অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) এবং এর ওয়ারহেড কিনতে পারবে। মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, এই অস্ত্রব্যবস্থা কম খরচে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং কাছাকাছি এলাকায় ক্ষতি কমাতে কার্যকর।