বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গতকাল সোমবার ফের ৯০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় ও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪১ মিনিটে ব্রেন্ট ক্রুডের আগাম দাম বেড়েছে। সেপ্টেম্বর মাসে যে তেল সরবরাহ করা হবে, সেই তেলের দাম ২ দশমিক শূন্য ৯ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলারে ওঠে।
বিশ্ববাজারে তেলের দাম বেড়ে এখন যে পর্যায়ে উঠেছে, তা গত ১১ জুনের পর সর্বোচ্চ। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পায়, এপ্রিল মাসের পর আর কোনো সপ্তাহে তেলের দাম এতটা বাড়েনি। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭১ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে ওঠে। গত ১২ জুনের পর এটাও সর্বোচ্চ।
আগামী আগস্টে যে ডব্লিউটিআই সরবরাহ করা হবে, গত সপ্তাহে সেই চুক্তির দাম ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মার্চ মাসের প্রথমার্ধের পর আর কোনো সপ্তাহে ডব্লিউটিআই ক্রুডের দাম এতটা বাড়েনি। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে সাময়িক যুদ্ধবিরতি সই হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা ভেঙে দিয়েছেন। এরপর যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করে। ইরানও সমানতালে জবাব দিয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে গত সপ্তাহের শেষভাগে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র টানা নয় রাত ইরানে হামলা চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইন জানিয়েছে, তারা নতুন করে ইরানের হামলার মুখে পড়েছে।
বাজার বিশ্লেষণকারী সংস্থা আইএনজি বিশ্লেষণী প্রতিবেদনে বলেছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমবে- তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। এ বাস্তবতায় সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে।
প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষেই প্রাণহানি ঘটছে। এ উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে পুরো উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে আবারও বড় ধরনের সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
