শিশু ও কিশোরদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ বছরের কম বয়সি শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশে বয়সসীমা নির্ধারণকারী ইউরোপের প্রথম দেশ হতে যাচ্ছে ফ্রান্স।

নতুন আইনের আওতায় ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হলে সবাইকে বয়স যাচাই করতে হবে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই ধরনের বিধিনিষেধ নিয়ে বর্তমানে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও কাজ করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই আইনকে স্বাগত জানিয়েছেন। দ্বিতীয় ও শেষ মেয়াদের শেষ দিকে তিনি এ ধরনের আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ফ্রান্সের সিনেট এবং জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) আইনটি অনুমোদন করে। যদিও বামপন্থি কিছু আইনপ্রণেতা এর সমালোচনা করেছেন। আইনটি দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে, আগামী সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীরা নতুন করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলতে পারবে না। একই সঙ্গে নতুন সব অ্যাকাউন্টের ক্ষেত্রে বয়স যাচাই বাধ্যতামূলক হবে। দ্বিতীয় ধাপে, ২০২৭ সালের জানুয়ারি থেকে এই নিয়ম বিদ্যমান সব অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।