কারাকোরামে তুষারধস নিখোঁজ ১০ পর্বতারোহী
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের ১০ সদস্য নিখোঁজ হয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে তুষারধসের পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে দেশটির আলপাইন ক্লাব পাকিস্তান (এসিপি)। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে হেলিকপ্টার ও স্থল উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
এসিপি বলছে, নিখোঁজ দলে আছেন হুনজার পাকিস্তানি পর্বতারোহী সোহেল সাখি, নেপালের পাঁচজন পর্বতারোহী, একজন মার্কিন, একজন ওমানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি পর্বতারোহী। অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালি বংশোদ্ভূত খ্যাতিমান পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজা।
আলপাইন ক্লাবের সদস্য কারার হায়দরি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই সরকারি সংস্থা ও উদ্ধারকর্মীদের সহায়তায় হেলিকপ্টার এবং স্থলপথে উদ্ধার অভিযান শুরু হবে।
জিপিএস তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তুষারধসে পর্বতারোহীরা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন এবং সম্ভবত তুষারের নিচে আটকা পড়ে আছেন।
গত বুধবার ব্রড পিকের চূড়ায় ওঠার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল দলটি। আজ শুক্রবারের মধ্যে চূড়ায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছিল তারা।
এসিপির সাধারণ সম্পাদক আয়াজ শিগরি বলেন, গতকাল ক্যাম্প-৩-এর দিকে যাওয়ার সময় তুষারধসের ঘটনা ঘটে।
এক বিবৃতিতে আলপাইন ক্লাব জানিয়েছে, নিখোঁজ পর্বতারোহীদের নিরাপদ উদ্ধারের আশা করছে তারা। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের পরিবার এবং আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে।
একই দিনে পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্বতগুলোতে আবহাওয়া অনুকূলে থাকায় কে-২, গাশেরব্রুমণ্ড১ ও ব্রড পিকে ২০০-এর বেশি বিদেশি পর্বতারোহী উঁচু ক্যাম্পগুলোর দিকে অগ্রসর হয়েছেন।
গতকাল ভোরে আট সদস্যের একটি আন্তর্জাতিক দল ৮ হাজার ৩৫ মিটার উচ্চতার গাশেরব্রুমণ্ড২ শৃঙ্গ জয় করেছে। সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৫ মিনিটের মধ্যে তারা চূড়ায় পৌঁছায়।
গাশেরব্রুমণ্ড২ চূড়া জয় করা দলে ছিলেন ব্রিটিশ-পাকিস্তানি পর্বতারোহী নাদিয়া আজাদ, ব্রাজিলের রোমান আন্দ্রাদে রোমানচিনি এবং নেপালের ছয়জন শেরপা। ওই ছয় শেরপা হলেন লাকপা শেরপা, লাখপা তেম্বা শেরপা, পাসাং তেনজে শেরপা, তাশি শেরপা, নিগমা দোরচি শেরপা ও দাওয়াসাঙ্গে শেরপা। এঁদের মধ্যে পাসাং তেনজে শেরপা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই আরোহণ করেন।
এ অভিযানে লাখপা তেম্বা শেরপা তার ১৪তম ও শেষ ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন। অন্যদিকে নাদিয়া আজাদের এটি পঞ্চম ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা ও মানাসলু জয় করেছিলেন।
দলটি অ্যাক্লিমাটাইজেশনের বিভিন্ন ধাপ শেষ করে ২১ জুলাইয়ের পর অনুকূল আবহাওয়ার অপেক্ষায় বেসক্যাম্পে ছিল। পরে বুধবার ক্যাম্প-৩ থেকে তারা চূড়া জয়ের চূড়ান্ত অভিযান শুরু করে।
