৪৪ বছরে প্রথমবার বন্ধ হচ্ছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

হাঙ্গেরির দানিউব নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় দেশটির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে বন্ধ হতে যাচ্ছে। আজ সোমবার থেকে কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাজার।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটার মাজার বলেন, দানিউব নদীর পানির স্তর আরও কমে যাওয়ায় আজ রাত ১টা ৩০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হবে। এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা নেমে আসবে মাত্র ২৪০ মেগাওয়াটে। এরপর আজই ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরো কেন্দ্রটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকেই দেশে জ্বালানি সংকট শুরু হতে পারে।