মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডির বাইরে আদিয়ালা কারাগারে ৮০৪ নম্বর কয়েদি হিসেবে দীর্ঘ ৩ বছর ধরে নির্জন কারাবাসে আছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। বিশ্বকাপ জয়ী খ্যাতিমান ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে কারারুদ্ধ হওয়ার পর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি। ২৬ কোটি মানুষের এই দেশের সবচেয়ে জনপ্রিয় মুখটিকে শুধুমাত্র একবারই দেখা গেছে, একটি অনলাইন আদালতের শুনানির ফাঁস হওয়া স্থিরচিত্রে। এখন পাকিস্তানি সামরিক বাহিনী এবং খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে, বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ককে মুক্তি দেওয়ার জন্য পর্দার আড়ালে একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে। তবে তার মুক্তির বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এ নিয়ে এখন পর্যন্ত তৃতীয় পক্ষের মধ্যস্থতায় প্রাথমিক আলোচনা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একাধিক সূত্র ও ইমরান খানের পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্যা অবজারভারের।
আলোচনা সম্পর্কে অবগত একটি সূত্র বলেছে, পাকিস্তানকে যদি এগিয়ে যেতে হয়, তবে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতেই হবে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা দেশের ব্যাপক ক্ষতি করেছে। শারীরিক অসুস্থতার কারণে কারাগার থেকে মুক্তি পাওয়াটা তার অবস্থান থেকে সরে আসার একটি সম্ভাব্য সুযোগ হতে পারে। ৭৩ বছর বয়সী ইমরান খানের এই বছরের শুরুতে চোখে একটি অস্ত্রোপচার হয়েছিল এবং তার পরিবার তার স্বাস্থ্যের অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে কয়েক মাস আগে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে তার মৃত্যুর গুজব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
