হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণে সম্মত হয়েছে ইরান ও ওমান। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে দুই দেশ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তেহরান।
এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, এই সমঝোতা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে খুলে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। তবে ইরানি কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে না নিলে পরিস্থিতির পূর্ণ উন্নতি সম্ভব নয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই হরমুজ প্রণালির ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান। তেহরান বারবার সতর্ক করেছে, তাদের অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান একটি সমঝোতা চায়। তবে ইরান সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, এ বিষয়ে তারা সরাসরি প্রতিবেশী ওমানের সঙ্গেই সমন্বয় করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য নৌপথের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত হয়েছে। তৃতীয় কোনো পক্ষ বাধা না দিলে শিগগিরই একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে, যার খসড়া এখন শেষ পর্যায়ে রয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজের নিরাপত্তা নিশ্চিত হবে—এমনটা বলা যাবে না। বাঘেইয়ের মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের বিরুদ্ধে চলমান হুমকি ও আগ্রাসী কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি এখনও রয়ে গেছে।
এদিকে নিরাপত্তা ঝুঁকির মধ্যেই গত বুধবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ওমানের কুমজার উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি তেলবাহী জাহাজের ক্যাপ্টেন দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে জাহাজ ও নাবিকরা নিরাপদ আছেন।
