ময়লার ভাগাড়ে মিলল ‘প্লাস্টিক গেলা’ ছত্রাক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মানুষের তৈরি এমন এক ধরনের প্লাস্টিক, যা শত শত বছরেও সহজে নষ্ট হয় না, সেটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ধ্বংস কওে ফেলতে সক্ষম একটি ছত্রাক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ময়লার ভাগাড়ে পাওয়া এই মাটির ছত্রাক ঘিরে এখন নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, প্রকৃতিই হয়তো মানুষের তৈরি প্লাস্টিক বর্জ্যের ভয়াবহ সংকটের সমাধানের পথ দেখাতে পারে। পলিউরেথেন এমন একটি প্লাস্টিক, যা আমাদের দৈনন্দিন জীবনের অসংখ্য পণ্যে ব্যবহৃত হয়। সোফার কুশন, দৌড়ানোর জুতা, রেফ্রিজারেটরের ইনসুলেশন, এমনকি কার্পেটের নিচের ফোমেও এই প্লাস্টিক ব্যবহার করা হয়। এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও সবচেয়ে কম পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকগুলোর একটি। শত শত বছর টিকে থাকার মতো করে তৈরি হওয়ায় পলিউরেথেন এখন বৈশ্বিক প্লাস্টিক বর্জ্যরে অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে। তবে ইসলামাবাদের ময়লার ভাগাড়ে বসবাসকারী ‘অ্যাসপারজিলাস টিউবিনজেনসিস’ নামের মাটির ছত্রাক মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই প্লাস্টিক ভেঙে ফেলতে পারে।