রুশ বাহিনীর রাতভর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সংলগ্ন এলাকাগুলোতে গত মঙ্গলবার রাত থেকে গত বুধবার ভোর পর্যন্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে কিয়েভে নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের হামলায় ইউক্রেনের পরিবহন ব্যবস্থা, লজিস্টিক এবং সেনাবাহিনীর রসদ বিতরণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে এ হামলা। উল্লেখ্য, রাশিয়া থেকে ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী। তবে হামলাকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য যে পিএসি-৩ নামের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রয়োজন, সেগুলোর সংকট দেখা দেয় প্রায়েই।
এই সংকট থেকে উত্তরণে অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং পিএসি-৩ ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতির জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে দেন-দরবার শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি; এমন সময়েই হামলার এ ঘটনা ঘটল। বুধবারের হামলার পর জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতেও এসেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের হাতে (প্যাট্রিয়ট) ব্যালিস্টিক ইন্টারসেপ্টর থাকলে আজকের এই হামলা এবং প্রাণহানি এড়ানো সম্ভব হতো।
