ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট গড়ার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেইসঙ্গে তিনি ইসরাইলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তান গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খাজা আসিফ বলেন, ‘ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের ভূমিকা বিবেচনায় মুসলিম বিশ্বের দেশগুলোর একসঙ্গে দাঁড়িয়ে এর মোকাবিলা করা উচিত।’ তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে অন্তত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে পুরো ইসলামী বিশ্বকে একসঙ্গে হয়ে এর মোকাবিলা করতে হবে।’
ফিলিস্তিনিদের অধিকার ও তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট চলতে থাকবে বলেও জানান তিনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরাইলের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী অবস্থান’ ক্ষমতায় কে থাকছে, তার ওপর নির্ভর করে পরিবর্তন হবে না। তার অভিযোগ, ইসরাইল ভবিষ্যতেও এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে।
