দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তা সহযোগিতা এবং যৌথভাবে ড্রোন ও ড্রোন হামলা থেকে সুরক্ষা নিশ্চিতে বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদন করতে সৌদি আরবের সঙ্গে ড্রোন চুক্তি করতে চায় ইউক্রেন। প্রস্তাবিত এ চুক্তির ব্যাপারে সায় রয়েছে সৌদি আরবেরও।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এ ইস্যুতে টেলিফোনে আলোচনাও হয়েছে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, দ্বিপাক্ষিক ড্রোন চুক্তির ব্যাপারে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা এই মর্মে একমত হয়েছি যে নিরাপত্তার ক্ষেত্রে ইউক্রেন এবং সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা উভয় দেশের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করতে পারে।

ড্রোন এবং ড্রোন হামলা থেকে সুরক্ষা নিশ্চিতের উপযোগী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতে নিকট ভবিষ্যতেই সৌদি আরব এবং ইউক্রেন দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে চায়। এই চুক্তি বিষয়ক পদক্ষেপগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ সৌদি আরব সফরে গিয়ে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছিলেন জেলেনস্কি। যে সময় জেলেনস্কি রিয়াদ সফরে গিয়েছিলেন, সে সময় সৌদিসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় ৬ দেশের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করছিল।

নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের সময়েই মোহাম্মদ বিন সালমানকে ড্রোন সহায়তা চুক্তির প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন থেকে সৌদিকে সুরক্ষা দিতে প্রস্তুত আছে ইউক্রেন। আরও বলেছিলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরু থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং জর্ডানে কাজ করছেন ইউক্রেনীয় বিশেষজ্ঞরা ইতোমধ্যে তারা তাদের কাজে পারদর্শিতা দেখিয়েছেন।