মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র ও চাকরিপ্রার্থীদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে আগামী ২০ আগস্ট তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ করে আন্দোলনকারীরা বলেছেন, মুখ্যমন্ত্রী তাদের অভিযোগের সমাধান না করলে ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন সরকার থেকে কংগ্রেসকে সমর্থন প্রত্যাহার করতে হবে।
গত শনিবার স্বাধীনতা দিবসে রাঁচিতে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা থেকে এই ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের ২২তম দিনে হাজারো ছাত্র ও চাকরিপ্রার্থী এতে অংশ নেন। তাদের মধ্যে দুজন হুইলচেয়ারে থাকা চাকরিপ্রার্থীও অনশনে রয়েছেন।
