ফিলিস্তিনকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিচ্ছে ইসরায়েল
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববাসীর চোখের সামনেই ফিলিস্তিনকে মুছে ফেলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন শতাধিক সাবেক ফরাসি ও ব্রিটিশ কূটনীতিক। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইসরায়েলকে বাধ্য করার লক্ষ্যে বাণিজ্য ও অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞাসহ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের।
গত শনিবার গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এক নজিরবিহীন যৌথ চিঠিতে প্রথাগত কূটনৈতিক ভাষা পরিহার করে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ আনা হয়েছে। এতে সতর্ক করা হয়, বিশ্ব এখন আর ইসরায়েলকে প্রকৃত গণতন্ত্র হিসেবে বিবেচনা করছে না। আধুনিক মধ্যপ্রাচ্য গঠনে ব্রিটেন ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে কূটনীতিকরা বলেন, উভয় দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তাদের যুক্তি, মধ্যপ্রাচ্যের মৌলিক সংকট- অর্থাৎ ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সমান অধিকারের প্রশ্নে একজোট হয়ে কাজ করা এখন যুক্তরাজ্য ও ফ্রান্সের দায়িত্ব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কাছে পাঠানো এ চিঠিতে ৫২ জন সাবেক ফরাসি কূটনীতিক এবং ৫০ জন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত সই করেছেন। তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ- যেমন মিসর, ইরান, বাহরাইন, ইসরায়েল, সিরিয়া, তুরস্ক, কুয়েত, সৌদি আরব ও কাতারে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ কূটনীতিকদের তালিকায় আছেন জাতিসংঘে নিযুক্ত দুই সাবেক দূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স প্যারি এবং ফরেন অফিসের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক পরিচালক এডওয়ার্ড চ্যাপলিন।
