প্লাস্টিক থেকে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্লাস্টিক দিয়ে তৈরি বিস্কুট! শুনতে রসিকতা মনে হলেও বিজ্ঞানী ও খাদ্য গবেষকরা সত্যিই প্লাস্টিক বর্জ্যকে রূপান্তর করে থ্রিডি প্রিন্টেড খাবার তৈরির একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। শুরুটা হয়েছে কুকি বা বিস্কুট দিয়ে। ভবিষ্যতের মহাকাশ অভিযানে নভোচারীদের খাদ্যের জোগান নিশ্চিত করতে নাসার অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের অংশ হিসেবে এই প্রযুক্তি নিয়ে কাজ চলছে বলে জানা গেছে। তবে প্লাস্টিক সরাসরি খাওয়া যাবে না। কারণ, এটি মানুষের শরীরের জন্য বিষাক্ত। তাই প্লাস্টিককে খাবারে পরিণত করার আগে ব্যবহার করা হচ্ছে উন্নত জৈব পুনর্ব্যবহার বা বায়োরিসাইক্লিং প্রযুক্তি। গবেষকরা জানান, সবচেয়ে প্রচলিত প্লাস্টিকগুলোর একটি হলো পলিইথিলিন টেরেফথ্যালেট বা পিইটি। কোমল পানীয় ও পানির বোতলসহ বিভিন্ন একবার ব্যবহারযোগ্য পণ্য তৈরিতে এই প্লাস্টিক ব্যবহৃত হয়। এই প্লাস্টিককে খাবারের উপযোগী উপাদানে রূপান্তর করতে গবেষকরা পিইটি প্লাস্টিকের সঙ্গে ফেলে দেওয়া ভুট্টাগাছের ডাঁটা, পাতা ও অন্যান্য জৈব উপাদান ব্যবহার করেন। এসব উপাদানকে ‘অক্সিডেটিভ হাইড্রোথার্মাল ডিসলিউশন’ নামের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়।

এই প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা ও চাপে পানি এবং অক্সিজেন ব্যবহার করে কঠিন উপাদানগুলোকে ভেঙে এমন ক্ষুদ্র যৌগে পরিণত করা হয়, যা অণুজীব গ্রহণ করতে পারে। এরপর ভেঙে যাওয়া প্লাস্টিক যৌগের সঙ্গে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বা ইস্ট যোগ করা হয়। জিনগতভাবে প্রকৌশলীকৃত এসব অণুজীব প্লাস্টিক থেকে তৈরি উপজাতকে গ্রহণ করে তা নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ জৈব পদার্থে রূপান্তর করে।